জেলা

মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা ও বিএলও মায়া মুখোপাধ্যায়ের (৫৮)। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন তিনি। উদ্বেগেও ছিলেন। আর সেই জন্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। SIR-এর সংক্রান্ত কাজ নিয়ে দুঃশ্চিন্তার কারণেই মায়া হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। মায়া মুখোপাধ্যায়ের ছোট ছেলে রুবেল মণ্ডল বলেন, ‘BLO-র দায়িত্ব পাওয়ার পর থেকেই মা মানসিক ভাবে চাপ সামলাতে পারছিলেন না। অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-তে ভর্তিও ছিলেন।’ তাঁর আরও সংযোজন, ‘২৫১ নম্বর বুথ, যেখানে মা BLO-র দায়িত্বে ছিলেন। সেখানে ভোটার রয়েছে ৮৩০ জন। এর মধ্যে ৩২০ জনের হিয়ারিং নোটিস এসেছে। হিয়ারিংয়ে নাম বাদ গেলে ওই পরিবারগুলি আমাদের বাড়িতে এসে হামলা করবে, এই আতঙ্কে ছিলেন মা। সে কথা বার বার বলেওছেন তিনি’। আর এই চাপ সামলাতে না পেরেই বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন মায়া এবং তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। হরিহরপাড়ার বিডিও সেরিং জাম ভুটিয়া এ প্রসঙ্গে বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে এক BLO-র মৃত্যু হয়েছে। শুনেছি তিনি অসুস্থ ছিলেন। আমাদের তরফে বিস্তারিত জানার জন্য একজন প্রতিনিধি পাঠানো হয়েছে।’ বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিধানসভা নির্বাচনের মুখে SIR প্রক্রিয়া রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে দুষে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন, ‘মায়া মুখোপাধ্যায় সুস্থই ছিলেন। SIR প্রক্রিয়ায় BLO-র দায়িত্ব পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি।অনেক BLO-ও আমাদের কাছে এসেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, তাঁরাও কাজের চাপ সহ্য করতে পারছেন না। চাকরি চলে যাওয়ার ভয়ে কাজ করছেন।’ হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা ইনসার আলি বিশ্বাস বলেন, ‘SIR-এর নাম করে হয়রানি করা হচ্ছে। BLO-দের উপরে চাপ দেওয়া হচ্ছে। অনেক BLO এই চাপ সহ্য করতে পারছেন না। অসুস্থ হয়ে পড়ছেন।’ হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গির শাহ বলেন, ‘এসআইআর নিয়ে প্রবল চাপের কারণেই তিনি মারা গিয়েছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে।’