তিনবছর আগের ভয়াবহ স্মৃতি এখনও সিকিমের মানুষের মনে রয়ে গেছে ৷ এবার ভয়াবহ তুষারধসের সতর্কতা জারি করল সিকিম প্রশাসন ৷ এই পরিস্থিতিতে তুষারধস নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সিকিমের একাধিক এলাকায় ৷ সতর্কতায় বলা হয়েছে, আগামী 24 ঘণ্টা নাথুলা, জুলুক ও নাথাং ভ্যালি এলাকায় তুষারধস নামতে পারে ৷ যার জন্য ওই এলাকা থেকে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ও সেনা ৷ উল্লেখ্য, উত্তর ও পূর্ব সিকিমে বিগত কয়েকদিনে লাগাতার তুষারপাত হচ্ছে ৷ ইতিমধ্যে লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ ৷ ফলে বিভিন্ন হোটেলে পর্যটকরা আটকে পড়েছেন ৷ তার মধ্যেই আগামী 24 ঘণ্টার মধ্যে সিকিম জুড়ে তুষারধসের পূর্বাভাস জারি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র অধীনে থাকা ‘ডিফেন্স জিওইনফরমেটিক রিসার্চ এস্টাব্লিশমেন্ট’ ৷ পাহাড়ি এলাকায় তুষারপাতের পূর্বাভাস, ভূ-তাত্ত্বিক জরিপ এবং দুর্গম অঞ্চলে অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ডিআরডিও ৷ তাদের এই নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেলের পর 24 ঘণ্টার মধ্যে ‘ভয়ংকর’ তুষারধসের কবলে পড়তে পারে সিকিম ৷ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকাগুলোয় বেশি রয়েছে ৷ সতর্ক বার্তা পৌঁছানোর পরেই সিকিম প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে ৷ এর আগে ঠিক তিনবছর আগে 2023 সালে, সিকিমের সাউথ লোনাক লেক বিপর্যয় এখনও মানুষের মনে আতংক তৈরি করে ৷ সেই ভয়াবহ স্মৃতি সিকিমের মানুষ এখনও ভুলে উঠতে পারেনি ৷ তার আগেই ফের নতুন আতংক সিকিমের মানুষের মধ্যে তৈরি হয়েছে ৷

