ভোটের পর স্ট্রং রুমে বিশেষ নজর দিন। রবিবাসরীয় সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভায় পরামর্শ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের নির্বাচনে নন্দীগ্রামের কথা উল্লেখ করে দলীয় কর্মীদের আগেভাগেই সতর্ক করলেন তিনি। মমতার কথায়, “এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে।” এই পরামর্শ মনে করিয়ে দেয় গত ২ মে, ২০২১ সালের কথা। ওইদিন জোরকদমে চলছিল নির্বাচনের ভোট গণনা। গোটা বাংলার নজর তখন নন্দীগ্রাম আসনের

দিকে। শুভেন্দু আধিকারীর বিরুদ্ধে গণনায় এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, তৃণমূল সদস্য-সমর্থকদের মুখে ক্রমেই প্রকট হচ্ছে সেই ধ্বনি। কিন্তু হঠাৎ ছন্দপতন। বয়াল বুথে হঠাৎই লোডশেডিং। বদলে গেল যাবতীয় গণনার অঙ্ক। গণনা শেষে দেখা গেল, ‘দিদি’ নয়, নন্দীগ্রামের বিধায়ক হয়ে গেলেন ‘দাদা’। সেই ভোট কারচুপির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই বাড়তি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়।


