বিজেপির স্ট্যাম্প দেওয়া নির্বাচন কমিশনের চিঠি বিতর্ক আরও উসকে কমিশনকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরুর আগে দমদম বিমানবন্দরে ওই চিঠি হাতে দাঁড়িয়ে প্রমাণ দেখালেন। বললেন, ”ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে, কারা এসব করাচ্ছে। আমার প্রশ্ন হল, এভাবে পিছনে কেন, সামনাসামনি খেলুন না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ”এই চিঠি শুধু কেরলের নয়। এখানে স্পষ্ট লেখা আছে, ”এটা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। বলা হচ্ছে, ক্লারিক্যাল মিসটেক। ক্লারিক্যাল মিসটেক নাকি পলিটিক্যাল এজেন্ডা?” এ প্রসঙ্গে বিরোধীদের কাছে তাঁর আবেদন, ”সবার কাছে আবেদন, কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সকলে একসঙ্গে প্রতিবাদ করুন। কোনও রং না দেখে জোটবদ্ধ হতে হবে।”

