ভোটের মুখে উত্তপ্ত শহর । সোমবার কলকাতা বন্দর এলাকার একবালপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা চত্বর । রাজনৈতিক চাপানউতোরের জেরে শুরু হওয়া এই সংঘাতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় পুলিশকে । ঘটনায় ধৃতদের মধ্যে ৫ জন বিজেপি কর্মী ও ৪ জন তৃণমূল কর্মী রয়েছে। একবালপুর কাণ্ডে মোট ৩টি FIR দায়ের করা হয়েছে। এরমধ্যে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR হয়েছে। কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন, “এই ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে । ছ’জন পুলিশ আহত হয়েছেন ।” স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল থেকেই একবালপুরের বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা চলছিল । অভিযোগ, সেই বচসাই ক্রমে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে গড়ায় । দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও মারধরের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে । এর জেরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ৷ অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দোকানপাট বন্ধ করে দেন । ঘটনার পর বিজেপির পক্ষ থেকে একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । তাঁদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ । এতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই অশান্তির পরিবেশ তৈরি করেছে । তাঁদের দাবি, বাইরে থেকে লোক এনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে । আর অভিযোগ ও পালটা অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে । উত্তেজনা প্রশমনে টহলদারি জোরদার করা হয়েছে । সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে ।

