রাজ্যে প্রথম দফার ভোট আজ। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ুতেও। দক্ষিণের এই রাজ্যটিতে এক দফাতেই ভোট হচ্ছে। সে রাজ্যের ২৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪,০২৩ জন প্রার্থী। তামিলনাড়ুর ভোটপর্বের দিকে নজর থাকবে আজ।
রাজ্যে প্রথম দফার ভোটের দিনেও প্রচার কর্মসূচি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে বিজয়গড়ে একটি জনসভা করবেন। এর পর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে আরও একটি সভায় যোগ দেবেন তিনি। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটি মাত্র জনসভা করার পরিকল্পনা নিয়েছেন। তিনি নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজ এলাকায় সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
প্রথম দফার ভোটের দিন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর দু’টি জনসভা রয়েছে। প্রথম সভা বেলা সাড়ে ১২টায় কৃষ্ণনগরে। সেখান থেকে তিনি চলে যাবেন মথুরাপুর। সেখানেই মোদীর দ্বিতীয় জনসভা রয়েছে। তার পরে বিকেলে হাওড়ায় রোড শো করবেন তিনি। আজ মোদীর রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

