প্রয়াত অভিনেতা-বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। বিপ্লব দাশগুপ্ত বাংলা বিনোদন দুনিয়ার বহুদিনের পরিচিত মুখ। নেগেটিভ এবং পজিটিভ সব ধরনের চরিত্রেই সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনেতা হিসেবে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। সিনেমার পাশাপাশি থিয়েটার এবং বাচিক শিল্পেরও সমান দক্ষ কারিগর ছিলেন বিপ্লব দাশগুপ্ত। জানা গিয়েছে, দেড় বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, শুক্রবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। অটোইমিউন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। 2004 সালে তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘শ্যাডোজ অফ লাইফ’ মুক্তি পায়৷ নাটকে ম্যাকবেথের চরিত্রেও অভিনয় করেছেন তিনি৷ ছোট পর্দাতেও সমান জনপ্রিয় এই অভিনেতা৷ ‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’, ‘নেতাজি’র মতো আরও বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেন তিনি৷ তাঁকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া। ফেলুদা (2017), বাইশে শ্রাবণ (2011) এবং গুমনামি (2019)-র মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। 2019 সালে তিনি ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পরে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তিনি। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকলেও, স্কুল শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। এরপর ভয়েস-ওভার আর্টিস্ট এবং তার পরে বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।