নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় পোস্টাল ব্যালটে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার গুজরাতে পুরসভা নির্বাচন ৷ এদিকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল ৷ এখন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করে চলেছেন প্রধানমন্ত্রী ৷ তাই সশরীরে ভোট দিতে যাওয়া হয়ে ওঠেনি তাঁর ৷ তিনি পোস্টাল ব্যালটে ভোট দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপরিবার বুথে গিয়ে ভোট দিয়েছেন ৷ এদিন সকালে আমেদাবাদের নারানপুরা সাব জোন অফিসে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহ, ছেলে আইসিসির সভাপতি জয় শাহ এবং তাঁর স্ত্রী ঋষিতা প্যাটেল ৷ এদিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 15টি পুরনিগমে 9 হাজার 992 জন প্রতিনিধি প্রার্থী লড়ছেন ৷ এর মধ্যে আমেদাবাদ, সুরাত, ভাদোদরা এবং রাজকোট পুরনিগম রয়েছে ৷ এছাড়া 84টি পুরসভা, 34টি জেলা পঞ্চায়েত এবং 260টি তালুক পঞ্চায়েত রয়েছে ৷ 4 কোটি 18 লক্ষ ভোটার ভোট দিচ্ছেন ৷ ভোটের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ সঙ্গে রয়েছে সিসিটিভি ৷ বিশেষ স্পর্শকাতর জায়গাগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করা হয়েছিল যাতে বাংলার প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন ৷ আরও জানানো হয় এদিন প্রধানমন্ত্রী দিনভর কর্মসূচি রয়েছে ৷ এই ব্যস্ততার মাঝে তিনি সশরীরে গুজরাতে গিয়ে ভোট দিতে পারবেন না ৷ সেই প্রক্রিয়া শেষের পর ভোট দিলেন মোদি ৷ এদিকে এদিন বেলায় উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বনগাঁ বিধানসভার প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মতুয়া অধ্যুষিত এই এলাকায় প্রচারে গিয়ে মতুয়াদের মন্দির দর্শন করেছেন ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখান থেকে হুগলির হরিপাল ও আরামবাগ বিধানসভার প্রচার করেন ৷ এরপর উত্তর কলকাতার বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত তাঁর রোড শো ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সঙ্গে জোরকদমে প্রচার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি নিতিন নবীন ৷

