পশ্চিমবঙ্গের ২ দফার বিধানসভা নির্বাচনের আজ ফল প্রকাশ। সকাল থেকেই শুরু হতে চলেছে ভোট গণনা। কোন রাজনৈতিক দল বসতে চলেছে বাংলার মসনদে? সরকার গড়বে কারা? ফয়সালা হয়ে যাবে আজই। পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট গণনা । ফলতায় পুরো ভোট বাতিল হয়েছে। ফের ভোট হবে ২১ মে এবং ভোট গণনা ২৪ মে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। ভোট গণনার দিনের জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। কাউন্টিং সেন্টারের বাইরে গতিবিধির ওপর কড়া নজর রাখতে গণনাকেন্দ্রের বাইরেও বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ ৪ মে সোমবার সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে।

