থানায় স্মারকলিপি জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দমদমের সাংসদ সৌগত রায়। থানা থেকে বেরোনোর মুখে তাঁকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা পচা ডিম ছোড়ে বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিমতায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকরাই পরিকল্পিতভাবে প্রবীণ সাংসদকে অসম্মান করার জন্য পচা ডিম ছোড়ার মতো কাণ্ড ঘটিয়েছেন। যদিও বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রবীণ সাংসদ সৌগতবাবু নিমতা থানায় একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। তখন তাঁর সঙ্গে কয়েকজন দলীয় কর্মীও ছিলেন। অভিযোগ, থানা থেকে বেরোনোর মুখে বিক্ষুব্ধ জনতা তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। আকস্মিক বিক্ষোভে প্রাথমিকভাবে সৌগতবাবু কিছুটা হকচকিয়ে যান। তিনি রাস্তার উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন। তারপর গাড়িতে উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিক্ষুব্ধ জনতার ভিড় থেকে পচা ডিম উড়ে আসে তাঁর দিকে। ডিমটি অবশ্য সৌগতবাবুর গায়ে লাগেনি। তাঁর গাড়ির কাচে লেগেছে। ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণ সংসদ বিজেপি সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “নিমতা থানায় একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। রাস্তায় তখন বিজেপি সমর্থকেরা বিক্ষোভ করছিলেন। তাঁরাই এই ঘটনা ঘটিয়েছেন।”