অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি-র অভিযান ৷ বুধবার বিকালে তাঁর কালীঘাটের বাড়িতে যান ইডি আধিকারিকরা ৷ জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ দেওয়ার জন্য তাঁর খোঁজ করেন তাঁরা ৷ নিরাপত্তারক্ষীরা বেরিয়ে এসে জানান, কালীঘাটের বাড়িতে নেই অভিষেক ৷ তবে, ইডি আধিকারিকরা নিরাপত্তরক্ষীদের হাতেই নোটিশ ধরিয়ে দিয়ে আসেন ৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা ৷ বেশ কিছুক্ষণ পর তাঁর কালীঘাটের বাড়ির নীচে থাকা নিরাপত্তারক্ষীরা বেরিয়ে আসেন ৷ অভিষেক আছেন কি না, তা জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে ইডি আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন ৷ নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয় তৃণমূল সাংসদ বাড়িতে নেই ৷ এরপরেই ইডি আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়ি ছেড়ে বেরিয়ে যান ৷ তার আগে ইডি-র তরফে হাজিরার নোটিশ দিয়ে আসেন তাঁরা ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে একাধিক তথ্য প্রমাণ এবং সাক্ষ্য জোগাড় করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ মূলত, তাঁকে নোটিশ দেওয়ার জন্য গিয়েছিলেন তাঁরা ৷ এর আগে, একাধিকবার সিআইডি আধিকারিকরা সই জাল-কাণ্ডে অভিষেকের কালীঘাটের বাড়িতে তাঁকে নোটিশ দিতে গিয়েছিলেন ৷ তারও আগে তাঁর শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা ৷ এবার দেখা গেল অভিষেকের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছালেন নোটিশ দিতে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল লিপস এন্ড বাউন্সের। সেই বিষয়ে এর আগেও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতেই কালীঘাটের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। সেই মামলাতেই সিবিআই যে ECIR করেছিল, সেই মামলার সূত্র ধরেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে তাঁরা ‘শান্তিনিকেতনে’ গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে সাংসদকে না পাওয়ায় পরে তাঁরা কালীঘাট রোডের বাড়িতে যান। তাৎপর্যপূর্ণভাবে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি মমতার ডাকা বৈঠকে যোগ দিতে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর, অবশেষে অভিষেকের অফিসের এক আধিকারিক ইডির সমন গ্রহণ করেন। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কোম্পানির মাধ্যমে একাধিক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায় ইডি আধিকারিকরা, সেই তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।