সই-কাণ্ডে এবার ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার সন্ধেয় কলকাতা বন্দরের বিধায়কের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, বিধায়কদের  সই জালিয়াতির তদন্তে ফিরহাদের বয়ান রেকর্ড করতে চান তারা। জানা গিয়েছে, বিরোধী দলনেতা কে হবেন, মমতার ডাকা দু’দিনের বৈঠকেই উপস্থিত ছিলেন ববি। ঠিক কী ঘটেছিল সেদিন কালীঘাটের বৈঠকে? কারা উপস্থিত ছিলেন? কাদের অনুপস্থিতিতে সই হয়ে গিয়েছিল বিরোধী দলনেতার রেজোলিউশন কপিতে? কার নির্দেশে এমন কাণ্ড ঘটল? সমস্ত ঘটনা বিশদে জানতে এদিন তদন্তকারীরা কলকাতা পুরসভার মেয়রের চেতলার বাড়িতে পৌঁছে যায় সিআইডি টিম। বিরোধী দলনেতার নামের সপক্ষে সই সংগ্রহের বৈঠক ঘিরেই যতকাণ্ড। মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন বহু বিধায়কই। অথচ তাঁদের নামের পাশে রয়েছে সই। বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। সই জালিয়াতি তথ্য সামনে এনে দল থেকে বহিষ্কৃত হয়েছেন ঋতব্রত-সন্দীপনরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি। জানা গিয়েছে, কালীঘাটে সই সংগ্রহের বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, রেজোলিউশন বুকে তৃণমূলের তরফে হাতে লেখা চিঠিতে সইও রয়েছে ফিরহাদের।