উত্তর দমদম পুরসভায় তৃণমূল কাউন্সিলারদের গণ ইস্তফা। সোমবার, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান- সহ মোট ২১ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন। ওই পুরসভায় মোট ৩৫টি আসন রয়েছে। রাজ্যে পালাবদলের পরে একাধিক পুরসভায় কাউন্সিলারদের পদত্যাগের হিড়িক চলছে। সেই তালিকায় এ বার উত্তর দমদম পুরসভা। সোমবার বিকেলে পুরপ্রধান, উপ-প্রধান সহ ২১ কাউন্সিলার ইস্তফা দিলেন। ব্যক্তিগত কারণে এই ইস্তফা বলে জানিয়েছে পুরপ্রধান বিধান বিশ্বাস। উত্তর দমদম পুরসভায় মোট ৩৫ জন কাউন্সিলারের মধ্যে সোমবার বিকেল পর্যন্ত ২১ জন পদত্যাগ করেছেন। এই পুরসভার সবকটি আসন তৃণমূলের দখলে ছিল। সোমবার দুপুর থেকে এই পদত্যাগ পর্ব শুরু হয়। এ দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে জেলা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন ২১ জন। সোমবার ইস্তফা দিয়ে প্রাক্তন পুরপ্রধান জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি আরও জানান, পুর এলাকার আরও উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। তার সঙ্গেই উপ-পুরপ্রধান সহ ২০ জন কাউন্সিলার পদত্যাগ করেছেন। বিধান বিশ্বাস বলেন, ‘বিধায়কের নেতৃত্বে যাতে আরও ভালো উন্নয়ন হয়, তার জন্যই ইস্তফা দিয়েছি। আগামী দিনে উত্তর দমদমের মানুষ আরও ভালো পরিষেবা পাবে। যে সরকার এসেছে, তারা আগামিদিন আরও ভালো কাজ করবে এই বিশ্বাস আমার আছে।’