প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানের মুকুটে নয়া পালক ৷ এবার সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হার্মাইন তাঁকে বিশেষ সম্মান ‘গার্ডিয়েন অফ দ্য ব্লু হরাইজন’ দিলেন ৷ এর আগে একাধিক দেশ তাঁকে নানা সম্মানে সম্মানিত করেছে ৷ সেই তালিকায় স্লোভাকিয়া থেকে শুরু করে রাশিয়া, ফ্রান্স, গ্রিস, সৌদি আরব, মিশর, মালদ্বীপ, ভুটান, পাপুয়া নিউ গিনি, ফিজি এবং বাহরাইনের মতো দেশ আছে ৷ এই দেশগুলি প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে ৷ এবার বিশেষ সম্মান দিল সেশলস ৷ পরে সোশাল মিডিয়ায় করা এক পোস্টে সেশলসের সরকার থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং নাগরিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ৷ আরও জানান, এই বিশেষ সম্মান সেই সমস্ত দেশকে উৎসর্গ করছেন যারা আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে নিজেদের দায়িত্ব মনে করে এই পথের অংশীদার হয়েছেন ৷ আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আবহাওয়ার পরিবর্তন নিয়ে সচেতন হওয়ার ডাকও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি মনে করেন, পরিবেশকে সুরক্ষিত রাখতে সমস্ত দেশের একসঙ্গে কাজ করা উচিত ৷ এদিকে, তরুণদের বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে নৌ-সেনার তরফে সমুদ্রকে আত্মউন্নয়নের এক বিরাট অবকাশ হিসেবে ব্যাখ্যা করা হয় ৷ সেশলস সফরে এসে ভারত মহাসাগরকেও উন্নয়নের এক বিরাট অবকাশ হিসেবে গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিন দিনের সফরে শনিবার এসেছেন প্রধানমন্ত্রী ৷ রবিরার দু’দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয় ৷ সেশলসের তরফে বৈঠকে পৌরহিত্য করেন প্রেসিডেন্ট প্যাট্রিক হার্মাইন ৷ সেখানেই ভারত মহাসাগরের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক অর্থনীতিতে জোয়ার আনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁর বার্তা, ভারত মহাসাগরের সঙ্গে ভারতের সম্পর্ক নিকট আত্মিয়ের মতো ৷ আর তাই ভারত মহাসাগরের নিরাপত্তা, স্থায়ীত্ব এবং সমৃদ্ধি ভারতের দায়িত্বও বটে ৷