হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একটি নতুন ফিচার আনতে চলেছে জুকারবার্গের সংস্থা ৷ ‘username’ ফিচারটির ফলে ফোনের নম্বর গোপন রাখতে পারবেন ব্যবহারকারী ৷ নম্বরের জায়গায় ভেসে উঠবে তাঁর ‘username’ ৷ যেমনটা হয়ে থাকে ইনস্টাগ্রাম বা টেলেগ্রামে- একটি আইডি’র মাধ্যমে অন্য একজনের সঙ্গে যোগাযোগ করা যায়, সেখানে ফোন নম্বরটি দেখা যায় না ৷
এই ফিচার চালু করা নিয়ে মেটাকে নোটিশ পাঠাল ভারত সরকার ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার মেটাকে আগামী তিন দিনের মধ্যে এই ফিচারের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছে ৷ এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা না-করে username ফিচারটি চালু করা যাবে না ভারতে ৷
অনেকসময় ব্যবহারকারীরা অনেকের সঙ্গে চ্যাট করলেও তাঁর ফোন নম্বরটি দিতে চান না ৷ তাঁদের জন্য এই ফিচার অত্যন্ত সুবিধাজনক হবে বলে দাবি করেছে মেটা ৷ এদিকে এই ফিচারটির সবদিক ভালো করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই ফিচারকে হাতিয়ার করে ভুয়ো ফাঁদ পেতে লোক ঠকানোর ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা ৷ বাড়তে পারে প্রতারণার বিপদ ৷
মেটা’র এই প্ল্যাটফর্মের সাম্প্রতিক ঘোষণায় উদ্বিগ্ন সরকার, জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ এর সম্ভাব্য ঝুঁকিগুলির মূল্যায়ন করা হবে ৷ আধিকারিকদের আশঙ্কা, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন সব username হিসাবে কোনও বিশ্বস্ত সংস্থা বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন ৷ এর ফলে সেই প্রতিষ্ঠানের নামে ভুয়ো ফাঁদে পা দিতে পারেন আমজনতা ৷ এতে প্রতারণার সুযোগ তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে ৷ সমাজে খারাপ প্রভাব পড়বে ৷ আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা বা সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে কোনও আপস করবে না সরকার ৷
মাত্র দু’দিন আগে মেটার এই মেসেজিং প্ল্যাটফর্মটি username নিয়ে ঘোষণা করেছে ৷ তারপরই সরকারের এই যাচাই করার বিষয়টি সামনে এল ৷
এই ফিচারটিকে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার একটি উপায় হিসেবে তুলে ধরেছে মেটা ৷ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট বা কলে অন্য কারও সঙ্গে যোগাযোগের সময় ব্যবহারকারীর ফোন নম্বরটি দেখা যাবে না ৷ এছাড়া, কোনও একটি গ্রুপে যোগ দিলে ব্যবহারকারীর ফোন নম্বরটি প্রকাশিত হবে না ৷ কারণ, ওই গ্রুপে সব সদস্যকে তিনি ব্যক্তিগতভাবে নাও চিনতে পারেন ৷ ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের আইডির (ID) মতো এই ফিচারটি কাজ করবে বলে মনে করা হচ্ছে ৷
আগামী দু-এক মাসের মধ্যে বিশ্বজুড়ে এই ফিচারটি চালু হতে চলেছে ৷ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ ‘username reserve’ বা সংরক্ষণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷
মেটা অবশ্য তাদের এই নতুন ফিচারটি নিয়ে আত্মবিশ্বাসী ৷ কিন্তু ব্যবহারকারীদের মধ্যে অনেকে ভুয়ো ফাঁদে ফেলা, প্রতারণার মতো ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে, এই ইউজারনেম ফিচারের উদ্দেশ্য নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা ৷ বরং ব্যবহারকারীদের গোপনীয়তা বৃদ্ধি করা ৷ মেটা জানিয়েছে, অপব্যবহার রোধে তারা একাধিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ৷
এর মধ্যে রয়েছে ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করার ব্যবস্থা, username-এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট কতজন নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবে তার উপর বিধিনিষেধ, বারবার username অনুমান করার চেষ্টার বিরুদ্ধে সুরক্ষা এবং বিশিষ্ট ব্যক্তি, সরকারি সংস্থা ও তারকাদের সঙ্গে সংশ্লিষ্ট হাই-প্রোফাইল username-গুলি সংরক্ষিত রাখার ব্যবস্থা ৷
ইটিভি ভারত (ETV Bharat)-এর সাংবাদিকরা তাঁদের নিজস্ব ইনস্টা আইডির সঙ্গে মিল রেখে username সংরক্ষণ করার চেষ্টা করেছিলেন ৷ তখন হোয়াটসঅ্যাপ তা প্রত্যাখ্যান করে জানায় যে ওই ইউজারনেমটি আর পাওয়া যাচ্ছে না (বা উপলব্ধ নয়) ৷ তবে, সেই আইডিটি দাবি করার জন্য তারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে (অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে) সংযুক্ত করার পরামর্শ দেয় ৷ ফেসবুক ও ইনস্টা অ্যাকাউন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সংযুক্ত করার পরই মেটা সেই ইউজারনেমটি দাবি করার অনুমতি দেয় ৷
এর অর্থ, কোনও বিশিষ্ট ব্যক্তির ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি অন্য কেউ দাবি করতে পারবে না; কারণ সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে মেটা প্ল্যাটফর্মে থাকা অন্য অ্যাকাউন্টটি প্রকৃতপক্ষে তাদেরই মালিকানাধীন ৷ তবে, এর ফলে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে সংযুক্ত করতে বাধ্য হন ৷

