মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট ৷ অতএব, পুলিশের ফ্রিজ করা মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সুরাহা পেল না মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এমআইটিসি) ৷ বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করবে না দেশের শীর্ষ আদালত ৷ তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন গ্রহণ করা হল না ৷ আদালত আরও উল্লেখ করে, নির্বাচন কমিশন তৃণমূলের প্রতীক ফ্রিজ করেছে ৷ তাই এই অবস্থায় কে ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন করবে, সেটা এখনও বিচারাধীন ৷ বেঞ্চ বলে, “আমরা মামলার গুণাগুণ নিয়ে বিচার করছি না ৷ আমরা হাইকোর্টকে দ্রুত এই মামলার শুনানির জন্য অনুরোধ করব ৷”গত 20 জুন একটি বেসরকারি ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ ৷ জানা গিয়েছে, ওই তিনটি অ্যাকাউন্টে বর্তমানে মোট 440 কোটি টাকা জমা রয়েছে ৷ তার দু’দিন আগে 18 তারিখে দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লিখে অ্যাকাউন্ট থেকে যাবতীয় আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেন ৷ সেই চিঠিতে তিনি তাঁর সই করা কিছু অব্যবহৃত বা ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ।এই চিঠির পরপর ঋতব্রত-পন্থী তৃণমূল বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানায়, সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টের নম্বর উল্লেখ করে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে বা অস্বচ্ছ উৎস থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টগুলিতে জমা করা রয়েছে ৷ দ্রুত তদন্ত না-হলে এই ডিজিটাল তথ্যপ্রমাণ নষ্ট বা স্থানান্তরিত হতে পারে বলেও তাঁদের আশঙ্কা । এরপরই পুলিশের এই পদক্ষেপ ৷ এদিকে 6 অক্টোবর উপ-নির্বাচনের আগে গত 17 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করেছে ৷ গত 21 সেপ্টেম্বর তৃণমূলকে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানান, কলকাতা হাইকোর্ট 9 জুলাই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কালীঘাট তৃণমূলকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই আপাতত 29 জানুয়ারি 2027 অথবা পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বহাল থাকবে । চলতি বছরের 14 ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে ।

