বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে ৷ মঙ্গলবার ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬টি জেলায় প্রায় ৫ লাখ ৬৪ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ৷ এমনটাই সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে । অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (ASDMA) তরফে মঙ্গলবার গভীর রাতে তথ্য দেওয়া হয় ৷ সেই তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শিবসাগর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে ৷ এরপরই রয়েছে চরাইদেও ৷ সেখানে পাঁচজনের প্রাণ গিয়েছে ৷ তারপর গোলাঘাটে দু’জন ও জোরহাটে একজনের মৃত্যু হয়েছে । এএসডিএমএ জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে । এই মৃত্যুর ফলে রাজ্যে এ বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে ।
রাজ্যের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে, তিনি ত্রাণ ও উদ্ধারকাজ খতিয়ে দেখতে বুধবার বন্যা-বিধ্বস্ত জেলাগুলি পরিদর্শন করবেন । মঙ্গলবার রাতে সোশাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “অতিবর্ষণের ফলে অসমে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, যা আমাদের জনগণের জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে । ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার আমি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনারি, জোরহাট ও তেওক এলাকার বন্যাদুর্গত অঞ্চল এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করব ।”

