banganews.net

দিল্লিতে ছাত্র আন্দোলনের সমর্থনে এবার সংসদের প্রাঙ্গণে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা ৷ অধিবেশন শুরুর আগে সংসদের সামনে কালো পোশাক পরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদরা । ছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ আরও অনেকে ৷ অন্যদিকে, গতকাল রাতে যন্তরমন্তর থেকে একটি ভিডিয়ো বার্তা দিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ মহুয়ার কটাক্ষ, যাঁরা তাঁদের ভয় পান না, তাঁদের কীভাবে সামাল দিতে হবে তা জানেন না মোদি-শাহ ৷ গত কয়েকদিন ধরেই যন্তরমন্তরে চলছে ছাত্র বিক্ষোভ ৷ ককরোচ জনতা পার্টির আন্দোলন, সোনম ওয়াংচুকের অনশনকে ঘিরে অগ্নিগর্ভ রাজধানী ৷ মঙ্গলবার রাতে যন্তরমন্তরের প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তা দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি রাতের আন্দোলনের ছবিটা তুলে ধরে বলেন, এই ছাত্ররা থেমে যাওয়ার পাত্র নন ৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মহুয়া বলেন, “যারা তাঁদের দেখে ভয় পায় না, তাদের কীভাবে সামলাতে হয় – সেটা মোদি-শাহ জানেন না ৷ এই সরকারের জন্য বিষয়টি যেন পাঠ্যক্রমের বাইরের কোনও বিষয় ।”

বুধবার সকালেও সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে সংসদ প্রাঙ্গণে বিক্ষোভে শামিল হন বিরোধী সাংসদরা ৷ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সওয়াল করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, “শিক্ষাক্ষেত্রে বাজেট 1.4 লক্ষ কোটি টাকা, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লক্ষ কোটি টাকার ঋণ মকুব করছেন । শিক্ষার্থীদের সংগ্রাম ন্যায্য এবং তারা পরিবর্তন চাইছে । বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে । শান্তিপূর্ণ বিক্ষোভে কোনও অগণতান্ত্রিক বিষয় নেই, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এবং সংসদে যা ঘটছে, তা অগণতান্ত্রিক ।”

গতকাল লোক কল্যাণ মার্গে (এলকেএম) কংগ্রেসের বিক্ষোভ এবং দলীয় নেতাদের আটকের বিষয়ে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমি গতকালই বলেছিলাম যে, এটি কোনও গণতান্ত্রিক সরকার নয় । তারা একনায়কতন্ত্রের মতো আচরণ করছে । তারা সাংসদদের সম্মান করে না । এমনকি যাঁরা নিয়ম মেনে প্রতিবাদ করেন, তাঁদেরও হেনস্তা করা হয় । বিজেপি-আরএসএস কর্মীরা কোনও ব্যাজ ছাড়াই পুলিশের সঙ্গে কাজ করে । তারা পরোক্ষভাবে শিক্ষার্থী ও কংগ্রেস নেতাদের ভয় দেখানোর কাজ করে…আপনারা যদি আমাদের প্রবীণ নেতাদের দমন করার চেষ্টা করেন, তবে লক্ষ লক্ষ মানুষ রুখে দাঁড়াবে । তখন আপনারা তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না ।” তিনি আরও বলেন, “আমরা ভয় পাব না, আমরা লড়াই চালিয়ে যাব । রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে আপনারা যা করেছেন, তার জন্য আপনাদের অনুশোচনা করতে হবে…আমরা তাদের দেখিয়ে দেব যে কংগ্রেস দল এবং ‘ইন্ডিয়া’ (INDIA) লড়াই চালিয়ে যাবে ।”

এর আগে এদিন কংগ্রেস সাংসদ পবন খেরা সংবাদসংস্থা এএনআই-কে জানান যে, “বিরোধী দলের সব সাংসদ আজ কালো পোশাক পরেছেন ৷ দিল্লির রাজধানীতে দেশের শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে তার প্রতিবাদে, ধর্মেন্দ্র প্রধানকে তাঁর পদে বহাল রাখার জেদের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়ে সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তার প্রতিবাদে এটা করা হয়েছে ।”