শুক্রবার সকালে ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ পরিষেবা । পাশাপাশি রিভার্স লাইনেও ট্রেন চলাচল থমকে যায় । ফলে একের পর এক ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে । কোথাও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের, আবার কেউ বিকল্প পরিবহণের খোঁজে স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েন । রেল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ ভদ্রেশ্বর স্টেশনের কাছে রিভার্স লাইন থেকে মেন আপ লাইনে একটি রেল ইঞ্জিন তোলা হচ্ছিল । সেই সময় আচমকাই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে । ঘটনাটি ঘটে ভদ্রেশ্বর থেকে ব্যান্ডেলের দিকে যাওয়ার পথে । এর জেরে সঙ্গে সঙ্গে আপ মেন লাইন এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ । ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ এবং উদ্ধারকারী দল । ভারী যন্ত্রপাতি নিয়ে লাইনচ্যুত ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ শুরু হয় । যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে ।
যদিও ডাউন লাইনে সীমিত আকারে ট্রেন চলাচল চালু রাখা হয়েছে, আপ লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন বর্ধমানমুখী যাত্রীরা । একাধিক লোকাল ও মেল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে । অনেক ট্রেনের সময়সূচিও এলোমেলো হয়ে যায় ।

