banganews.net

কলকাতার নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।”

রাত পৌনে দুটো নাগাদ দমকলের সদর দপ্তরের ঠিক পাশেই ‘শিখা ইন’ নামে পাঁচতলা একটি হোটেলে আগুন লাগে। এই দুর্ঘটনায় ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশুর মৃত্যু হয়েছে এবং ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হোটেলের প্রবেশপথ অত্যন্ত সংকীর্ণ এবং লোহার সিঁড়ি আগুনে উত্তপ্ত হয়ে যাওয়ায় আবাসিকরা বাইরে বের হতে পারেননি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। গোয়েন্দা দপ্তরের হোমিসাইড শাখা ঘটনার তদন্তভার নিয়েছে এবং দমকলের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।