রাজ্যে রাজনৈতিক তরজার মাঝেই এবার ইডির কুনজরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ নাদিমুল হক। সোমবার সকাল থেকেই কলকাতা, দিল্লি এবং রাঁচী—এই তিন শহর মিলিয়ে মোট আটটি ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। প্রতিটি ঠিকানাই ওই তৃণমূল সাংসদের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে ইডি সূত্রে খবর মিলেছে। যদিও ঠিক কী কারণে বা কোন মামলার সূত্র ধরে এই হঠাৎ অভিযান, সে বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, সাংসদের সঙ্গে যুক্ত একটি সংবাদপত্রের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই তল্লাশি অভিযান। জানা গিয়েছে, পার্ক সার্কাসের যে ঠিকানায় এদিন ইডি হানা দিয়েছে, সেখানে একটি উর্দু দৈনিক সংবাদপত্রের দফতর রয়েছে। ভবনের বাইরে থাকা হোর্ডিং অনুযায়ী, ওই সংবাদপত্রটি কলকাতা ছাড়াও দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকে প্রকাশিত হয়। এছাড়া কলকাতার ১২, দরগা রোডে ওই সংবাদপত্রটির রেজিস্টার্ড অফিস রয়েছে। গত অগাস্ট মাসেই এই সংবাদপত্র সংক্রান্ত আর্থিক অনিয়মের একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে, আর সেই সূত্র ধরেই সোমবারের এই মেগা অভিযান।

