নিম্নচাপের জেরে এখনই ভারী বৃষ্টির হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ। আজ, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ, দিনের আকাশ মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ শুক্রবার ঘনীভূত নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চল থেকে সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এখন কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। পাশাপাশি, হরিয়ানা থেকে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আজ মৎস্যজীবীদের সমুদ্রের বঙ্গের উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে ঝড়ের গতিবেগ 55 থেকে 60 কিলোমিটার হতে পারে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

  • আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। সব জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে ৷ সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে।
  • আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

  • আজ কালিম্পং ও জলপাইগুড়ি, অর্থাৎ উপরের দুই জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা বাতাস বইবে।
  • আগামিকাল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে ৷