banganews.net

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে টানটান উত্তেজনা। একদিকে ভবনের ভিতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকদের ম্যারাথন জেরার মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অন্যদিকে, ভবনের বাইরে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, ইডি দফতর থেকে প্রাক্তন মন্ত্রী বাইরে এলে তাঁকে গ্রেফতার করা হয়। তারপর পুলিশের গাড়িতে তাঁকে লালবাজারে নিয়ে য়াওয়া হচ্ছে বলে খবর ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর প্রিভিউ পাসের নামে প্রতারণার অভিযোগে ইন্দ্রনীল সেন এবং তাঁর সংস্থার বিরুদ্ধে মধ্য কলকাতার বউবাজার থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় প্রতারণা, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের রক্ষাকবচ সরে যাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে সক্রিয় হয় লালবাজার। বুধবার তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে ঢুকতেই বাইরে পৌঁছায় বউবাজার থানার তদন্তকারী টিম। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন বাইরে বেরোলেই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে পুলিশ।