বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছিল ৪ মে৷ আর তার ঠিক ২ দিন পরে ৬ মে, ২০২৬ উত্তর ২৪ পরগনার কাছে মধ্যমগ্রামে গাড়ি আটকে, খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর তৎকালীন আপ্ত সহায়ক তথা ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথকে৷ ভোটের রেজাল্ট বেরনোর পর পরই এমন নৃশংস খুন আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্যে৷ আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে সেই হত্যাকাণ্ড নিয়েই ভয়ঙ্কর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে যুক্ত রয়েছে ‘ভাইপো গ্যাং’৷ প্রায় ২ কোটি টাকার বদলে দেওয়া হয়েছিল খুনের সুপারি৷ খুনের সঙ্গে যুক্ত ছিল আন্তঃরাজ্য রাকেট৷ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রসঙ্গত, নন্দীগ্রাম উপ নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী দেওয়া হয়েছে চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে৷ এদিন তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়া সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিরকারী৷ মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন শুভেন্দু অধিরকারী৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি যেটুকু জেনেছি৷ বিপুল অঙ্কের যে টাকা, ২ কোটি যেটা দেওয়া হয়েছিল চন্দ্রকে খুন করার জন্য, তাতে ভাইপোর গ্যাংরা যুক্ত আছে৷ এটা সিবিআই এটা নিয়ে অনেক দূর এগিয়েছে৷ শুটার, সুপারি য়ে দিয়েছে টাকা, তারপরে যে টাকা বয়ে নিয়ে দিয়েছে, সকলকেই সিবিআই বুক করেছে. এর একটা শেষ দেখে আমরা ছাড়ব৷ ’’ চন্দ্রনাথ রথ খুনে ১১ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার মধ্যে যেমন রয়েছে ভিনরাজ্যের শার্প শুটার, তেমনই সুপারির টাকা নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিল যে ব্যক্তি, সে-ও৷ তদন্তে জানা গিয়েছে, ২ কোটি টাকা সুপারি দিয়ে ভিনরাজ্যের শার্প শুটারকে এই কাজ দেওয়া হয়েছিল৷
চন্দ্রনাথ রথ খুনের পিছনে ‘ভাইপো-গ্যাং’! নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

