নির্বাচন কমিশনের কাজকর্ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ওঠা প্রশ্ন ও বির্তক গড়াল সুপ্রিম কোর্টে। কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদনের দ্রুত শুনানির আর্জি মঙ্গলবার মেনে নিয়েছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহে মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। মঙ্গলবার মামলাটি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন প্রবীণ আইনজীবী বিকাশ সিং। তাঁর বক্তব্য, আইন অনুযায়ী নির্বাচন কমিশন একাধিক সদস্য বিশিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে কমিশনের সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কিন্তু বর্তমানে কমিশনের সিদ্ধান্তগুলি আদৌ সর্বসম্মত কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই মামলা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪টি বিষয়ে লিখিত আপত্তি বা ভিন্নমত নথিভুক্ত করেছিলেন। ভোটার তালিকা, Form 6, নির্বাচন কমিশনের IT ব্যবস্থা এবং ভোটার তালিকার সংরক্ষণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই কমিশনার আপত্তি জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। অভিযোগ, বাকি দুই কমিশনারের আপত্তি সত্ত্বেও একপেশে সিদ্ধান্ত নেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে নির্বাচন কমিশন অবশ্য দাবি করে, কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য অস্বাভাবিক নয়। কমিশনের বক্তব্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শেষ পর্যন্ত তিন সদস্যের কমিশনের সম্মতিতেই নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর জ্ঞানেশ কুমার, সান্ধু এবং বিবেক যোশীর বৈঠকের পরে কমিশন একটি বিস্তারিত বিবৃতি দিয়ে জানায়, ২০২৫ সালের ২৪ জুন জারি হওয়া SIR-এর নির্দেশ এবং পরবর্তী পর্যায়ের সময়সূচিগুলি কমিশনের সর্বসম্মত অনুমোদনেই হয়েছিল। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েই মূলত তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলগুলির একাংশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে কমিশন জানিয়েছে, SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মত ছিল। আবেদনকারীর বক্তব্য, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে যে ক্ষমতা নির্বাচন কমিশনকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয়েছে, তা কোনও এক জন কমিশনার একক ভাবে প্রয়োগ করতে পারেন না। তাই জ্ঞানেশ কুমারকে ‘কোন কর্তৃত্বে’ একক ভাবে কমিশনের ক্ষমতা প্রয়োগ করছেন, তা ব্যাখ্যা করার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। এই মামলায় ভোটাদের ডেটাবেসের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার বিবেক যোশী ২০২৬ সালের ২৯ মে ভোটার তালিকার ডেটাবেস কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ছাড়া কারা ডেটাবেস পরিবর্তন করার ক্ষমতাসম্পন্ন, তা যাচাই করতে অডিটের প্রস্তাব দিয়েছিলেন। পরে সুখবীর সিং সান্ধুও এই উদ্বেগের সঙ্গে সহমত প্রকাশ করেছিলেন বলে মামলায় দাবি করা হয়েছে।
নির্বাচন কমিশনের কাজ নিয়ে একাধিক ‘প্রশ্ন’! জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মতি সুপ্রিমকোর্টের

