banganews.net

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT) দাঁড়িয়ে থাকা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার ভোররাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা ১২২৬১ নম্বর CSMT-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের রেকে আগুন নজরে আসে। ওই রেকে কোনও যাত্রীও ছিলেন না। ফলে কোনও বড় বিপদ ঘটেনি। জানা গিয়েছে, প্রথমে প্যান্ট্রি কার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় আশপাশের কামরাতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল ও দমকলের কর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে প্যান্ট্রি কারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। ঠিক কী কারণে প্যান্ট্রি কারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, বৈদ্যুতিক গোলযোগ অথবা অন্য কোনও কারণে আগুন লাগে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। দুরন্ত এক্সপ্রেসের মুম্বই থেকে হাওড়া রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে এই অগ্নিকাণ্ড। যাত্রীরা না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ট্রেনটির মুম্বইতে পৌঁছনো এবং হাওড়া রওনা হওয়ার মধ্যে ১০ ঘণ্টারও বেশি দেরি ছিল এবং CSMT-তে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেখতে পান তিনি। তবে এই বিষয়ে রেলের কোনও বক্তব্য মেলেনি। এমনকী অগ্নিকাণ্ডের কারণেই বিলম্ব কি না তাও নিশ্চিত ভাবে জানায়নি রেল। প্যান্ট্রি কারে রান্নার সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই ঘটনার পরে রেকটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে এলে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।