দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার সময়ে ট্রাকের ধাক্কায় ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২১ জন। বৃহস্পতিবার মাঝরাতে মহারাষ্ট্রের অমরাবতীর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বুলঢানার শেগাঁও থেকে দুর্গাপ্রতিমা নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিল একটি টেম্পো। তাতে কমবেশি ৩৫ জন ছিলেন। উল্টোদিক থেকে তীব্র গতিতে একটি ট্রাক এসে ধাক্কা মারে টেম্পোটিকে। ছিটকে পড়েন বেশ কয়েক জন। ঘটনাস্থলেই কমপক্ষে তিন জনের মৃত্যুর হয় বলে জানিয়েছে পুলিশ। বিকট শব্দে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ২১ জনের চিকিৎসা চলছে। ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অমরাবতীর (গ্রামীণ) পুলিশ সুপার নিকেতন কদম এবং ধামনগাঁও পুরসভার সভাপতি অর্চনা রোঠে। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’ কী ভাবে সংঘর্ষ ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। মৃত ও আহতদের বিস্তারিত পরিচয় জানার কাজ চলছে। র্ঘটনার সময় ট্রাকটির গতি কত ছিল, চালকের কোনও গাফিলতি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা— তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেকের জন্য রাস্তায় যানজট হয়েছিল। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

