মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার সকালে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তাঁরা । পরে সেখানে আয়োজিত সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী । মহাত্মা গান্ধির 157তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের আবহে গান্ধির শান্তি ও অহিংসার বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক । সমাজের সকলের কল্যাণ এবং উন্নয়নের যে আদর্শ গান্ধি তুলে ধরেছিলেন, তা সামনে রেখেই 2047 সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি ।” গান্ধি জয়ন্তী উপলক্ষে সমাজমাধ্যমে দেওয়া বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বিশ্বজুড়ে গান্ধির জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা রয়েছে । বর্তমান পরিস্থিতিতে বহু দেশ যুদ্ধ ও সংঘাতের প্রভাবের মুখে পড়েছে । এমন সময়ে শান্তি ও অহিংসার পথে চলার গান্ধিবাদী আদর্শের গুরুত্ব আরও বেড়েছে ।” মুর্মু আরও বলেন, “সহমর্মিতা ও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার নীতিকে গুরুত্ব দিয়ে ভারত 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ।” তাঁর মতে, সকলের কল্যাণের যে ভাবনা গান্ধি ‘সর্বোদয়’-এর মাধ্যমে তুলে ধরেছিলেন, তার সঙ্গেই এই লক্ষ্যটির মিল রয়েছে । নৈতিক আচরণ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী, উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি । উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও শ্রদ্ধা জানিয়ে বলেন, “মহাত্মা গান্ধির জীবন ও বাণী শান্তি, সহমর্মিতা, নিঃস্বার্থতা এবং সেবার পথ দেখায় ।” তাঁর আদর্শকে সামনে রেখে ন্যায়সঙ্গত, সম্প্রীতিপূর্ণ এবং সকলকে সঙ্গে নিয়ে চলা সমাজ গড়ার অঙ্গীকার করার বার্তা দেন উপরাষ্ট্রপতি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গান্ধি জয়ন্তীতে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান । পরে সমাজমাধ্যমে তিনি লেখেন, “সত্য, অহিংসা, সহমর্মিতা এবং সেবার যে আদর্শ গান্ধি তাঁর জীবন দিয়ে তুলে ধরেছিলেন, তা সব যুগেই মানবসমাজকে পথ দেখাবে ।” গান্ধির চিন্তা আরও উন্নত সমাজ এবং ‘বিকশিত ভারত’ গঠনের পথে দিশা দেখাবে বলেও মন্তব্য করেন তিনি । গান্ধি জয়ন্তীর তাৎপর্য তুলে ধরে একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন, “2 অক্টোবর প্রতিটি ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ।” রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও কী ভাবে গান্ধির চিন্তা গোটা বিশ্বের মানুষের উপর প্রভাব ফেলেছিল, সে কথাও উল্লেখ করেন তিনি । স্বদেশি ও খাদির উপর গান্ধির জোর দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন মোদি । 2 অক্টোবর অন্তত একটি খাদির সামগ্রী কেনার আহ্বান জানান তিনি । গান্ধির আদর্শকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার বার্তাও দেন প্রধানমন্ত্রী ।
banganews.net