দিল্লিতে পা রাখার মুখেই আটক ককরোচ পার্টির ৩ নেতা। বিক্ষোভের আগেই আটক ককরোচ পার্টির মুখপাত্র। বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লিতে ককরোচ পার্টির বিমান নামতেই পুলিশের সঙ্গে বচসা, তারপর আটক হলেন ৩ জন। যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভের আগে দিল্লি আসছিলেন অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। বিমান ল্যান্ড করতেই প্লেনের মধ্যে ঢুকে পড়েন দিল্লি পুলিশের কর্মীরা। সেই সময় অভিজিৎ দীপকে বলেন “…আমি এখানে গ্রেপ্তার হতে এসেছি; আমাকে গ্রেপ্তার করুন”। দিল্লি পুলিশ কর্মীরা জানায়, “না, এটা গ্রেপ্তার নয়। অনুগ্রহ করে সহযোগিতা করুন”। আর এরপর ককরোচ জনতা পার্টির ৩ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের আগে জাতীয় রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই আটকগুলো করা হয়। এর আগে আটক করা হয়, ইউটিউবার ধ্রুব রাঠীকে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে নিজের বাসভবন থেকে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে। জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতেই রাঠী দিল্লিতে এসেছিলেন। সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের কর্তারা তার ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে পৈতৃক বাড়িতে হঠাৎ হানা দেন। তারপর, বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন। এর পাশাপাশি, দিল্লির বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের আটক করছে পুলিশ।

