মহালয়ার সকাল থেকে সিজেপির আন্দোলন ঘিরে রীতিমতো উত্তপ্ত দিল্লি। জমায়েতের অভিযোগে দিল্লিতে আটক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে রয়েছেন সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনরা ৷ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷ পুলিশ প্রথমে মমতাকে ধর্না থেকে উঠে যেতে বলে ৷ মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা ধর্না থেকে না-উঠলে আটক করা হয়। তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা এখনও জানা যায়নি। এরইমাঝে মমতা তৃণমূল কংগ্রেসের তরফে একটি ভিডিয়ো পোস্ট সামনে আছে ৷ যা সংবাদসংস্থা আইএএনএস পোস্ট করেছে ৷ তাতে দেখা গিয়েছে মহালয়ার দিন মমতা গাইছেন ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী’ ৷ প্রিজন ভ্যান থেকে মমতা বলেন, “আমরা যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ তাই দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে, ধর্নায় বসেছিলাম ৷ আমরা ‘Save India, Save Democracy’ লেখা পোস্টার নিয়ে স্লোগান দিচ্ছিলাম ৷ কিন্তু দিল্লি পুলিশ এসে আমাদের আটক করল… জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে আমাদের ৷ সারা দিল্লি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে 40 মিনিট ধরে ঘোরানো হচ্ছে আমাদের ৷” এদিকে, কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তিনি লেখেন, “দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনওরকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।” তারপরেই মমতাকে আটক করা হয় বলে খবর ।