আশিক হু, অউর নিশানা মেরি মাশুকা.. অউর বো আশিকি ক্যায়া যো দিল চিড় না দে…” পর্দায় ফের একবার আগুন ধরালেন বলিউডের কিং অফ রোমান্স ৷ বেশরম রং গায়ে মেখে এবার শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ধরা দিলেন ‘তু মিল যায়ে’ গানে ৷ বাদশার ৬১ তম জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার হাজির ৷ মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ সিনেমার প্রথম গান।

‘তু মিল যায়ে’ গানটি পুরোদস্তুর রোমান্টিক ব্যালাড, যেখানে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন ফের ফুটে উঠেছে। অরিজিৎ সিংয়ের পাশাপাশি এই গানে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। এছাড়া আমেরিকান গায়ক এড শিরানও এতে চমৎকার কিছু অংশ গেয়েছেন। গানটির কথা লিখেছেন কুমার এবং সুর করেছেন শচীন-জিগর। খবর, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ‘তু মিল

যায়ে’ গানটির শুটিং হয়েছে। গানটি মুক্তির পর পরই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ এক্স হ্যান্ডেলে অনেকেই গানটির ভূয়সী প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ‘তু মিল যায়ে’ সত্যিই একটি মাস্টারপিস। গানের ক্লিপ আমি 50 বার শুনেছি। আমি এর প্রেমে পড়ে গিয়েছি। এড শিরান গানটিতে প্রাণ সঞ্চার করেছেন।”

‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি এবং অভিষেক বচ্চন-সহ আরও অনেকে। বড়দিনের প্রাক্কালে, অর্থাৎ 24 ডিসেম্বর ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’-এর ব্যানারে নির্মিত হচ্ছে এবং এর প্রযোজনায় রয়েছেন কিং খানের স্ত্রী গৌরী খান।