গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ তাতেই মৃত্যু হল ৬ জনের ৷ এর মধ্য়ে পাঁচ জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগর জেলার হাটা কোতোয়ালি এলাকায় ৷ কাপ্তানগঞ্জ থানা এলাকার ভালুহি গ্রামের বাসিন্দা ওই পরিবারটি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে আত্মীয়দের বাড়িতে গিয়েছিল । রাত গভীর হওয়ার পর ফেরার পথে তাঁদের গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । আঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা ছয়জনই প্রাণ হারান । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর গাড়ির ভিতর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে । আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের গোরক্ষপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় । হাটা কোতোয়ালির স্টেশন হাউস অফিসার (এসএইচও) ধর্মেন্দ্র সিং জানান, তাঁরা একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন । পথে তাঁদের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং আরও দু’জন আহত হন । আহতদের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে এবং দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত চলছে । নিহতদের পরিচয় হল কানহাইয়া প্রসাদ (40), রামবিলাস (65), রাম মিলন (35), মৃদুল মিশ্র (35), রঞ্জয় গুপ্ত (32) এবং মিথিলেশ গুপ্ত (22)। তারা সবাই কুশিনগর জেলার বাসিন্দা । এছাড়া আরিয়ান (16) গুরুতর আহত হয়েছে এবং সে কুশিনগর মেডিকেল কলেজে চিকিৎসাধীন । এদিকে, একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে ভালুহি গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে ৷ কেউই বিশ্বাস করতে পারছেন না, এই পরিবারের পাঁচ জনই মারা গিয়েছেন ৷

