অগ্নিবীরদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রমণি ঘোষণা করলেন, ‘অগ্নিপথ’ প্রকল্পে ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হচ্ছে ৷ তিনি জানান, যাঁদের চার বছরের মেয়াদ শেষ হচ্ছিল, তাঁরা আরও দুই বছর কাজ করার সুযোগ পাবেন । এই অতিরিক্ত সময় শেষ হওয়ার পর তাঁরা নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার শর্তাবলি পূরণ সাপেক্ষে সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে । প্রায় ১৮ হাজার অগ্নিবীরের সশস্ত্র বাহিনী থেকে বিদায় নেওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ করা হল । সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রমণি জানিয়েছেন, সমস্ত অগ্নিবীরকে সশস্ত্র বাহিনীতে তাঁদের কাজের মেয়াদ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে । তিনি বলেন, ‘‘এই দুই বছরের মেয়াদ বৃদ্ধির পর সমস্ত অগ্নিবীরকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে নিয়মিত সৈনিক হিসেবে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে ৷ তবে এটি নির্ভর করবে তাঁদের ইচ্ছার উপর এবং নির্দিষ্ট নির্বাচন মানদণ্ড পূরণ করতে সক্ষম কি না, সেটাও দেখা হবে৷” 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করে । এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট পরিষেবা আইন অনুযায়ী চার বছরের মেয়াদে সশস্ত্র বাহিনীতে ‘অগ্নিবীর’দের নিয়োগ করা হয় । তরুণদের দেশের সেবা করার ও জাতি গঠনে অবদান রাখার সুযোগ করে দেওয়া এবং সশস্ত্র বাহিনীকে আরও তরুণ ও গতিশীল করে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি প্রবর্তন করা হয়েছিল । অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীরদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হয়, যার মধ্যে কেবল 25 শতাংশকে নিয়মিত চাকরিতে বহাল রাখার বিধান রয়েছে । বাকি 75 শতাংশের আর চাকরি থাকে না ৷ এবার থেকে ওই 75 শতাংশ আরও দু’বছর কাজ করতে পারবেন ৷
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুই বছরের মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন । এক্স-এ এক পোস্টে রাজনাথ সিং লিখেছেন, ‘‘আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের জন্য দুই বছরের ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’ (দ্বিতীয় পর্যায়ের কার্যকাল)-এর অনুমোদন দিয়েছে ।’’ তিনি অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের জন্য ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’ (দ্বিতীয় দফার কার্যকাল) অনুমোদন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান । প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের জন্য অতিরিক্ত দু’বছরের ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’-র সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই । এর ফলে 4 বা 6 বছরের মেয়াদ শেষে যেসব আগ্রহী অগ্নিবীর নির্বাচনের শর্ত পূরণ করবেন, তাঁরা নিয়মিত সৈনিক হিসেবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন ।’’ রাজনাথ আরও লিখেছেন, ‘‘এই সিদ্ধান্তটি আমাদের প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের ধারাবাহিকতা, যার লক্ষ্য হল অপেক্ষাকৃত তরুণ, অধিকতর সক্ষম, প্রযুক্তিগতভাবে সুসজ্জিত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত সামরিক বাহিনী গড়ে তোলা । এটি কেবল একটি নিয়োগ নীতি নয় ৷ বরং যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের সামরিক বাহিনীকে প্রস্তুত করার একটি পথ ৷’’

