নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে দেশের অন্যান্য প্রান্তের মতো বড় ধরনের বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছিল কর্ণাটকে। তার আগেই বুধবার রাজধানী বেঙ্গালুরু সহ রাজ্যের নানা প্রান্তে জারি হল ১৪৪ ধারা। অর্থাত্‍ চারজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হল। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘অনুমতি ছাড়াই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। কয়েকটি ক্ষেত্রে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। তাতে কয়েকজন আহত হয়েছে। সম্পত্তি নষ্ট হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে কোনও জমায়েত বা মিছিল করতে দেওয়া যাবে না।’