রাজধানীতে হিংসার পরিস্থিতিতেও ‘গোলি মারো’ স্লোগান তুললেন বিজেপি বিধায়ক। দিল্লির পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই অবস্থায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করতে করতে লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মা ফেসবুকে লাইভে এসে ফের হিংসা ছড়াতে মদত দিচ্ছেন। মিছিলে শোনা যাচ্ছে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান। মিছিলে অভয় বর্মার সমর্থকরা, ‘পুলিশ কে হত্যারে কো, গোলি মারো সালো কো’, ‘দেশ কে হত্যারো কো, গোলি মারো সালো কো’র মতো স্লোগান দেন। সরাসরি সাম্প্রদায়িক কথা বলতেও শোনা যায় তাঁদের। বিজেপি সমর্থকরা বলেন, ‘যো হিন্দু হিত কি বাত করেগা, ও ইস দেশ মে রাজ করেগা’। মিছিল থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেওয়া হয়। বিজেপি বিধায়কের মিছিলের ভিডিওটি শেয়ার করেছেন আম আদমি পার্টির বিধায়ক সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, অমিত শাহ শুধু লোকদেখানোর জন্য সর্বদলীয় বৈঠক করছেন। আর অন্যদিকে, তাঁর দলেরই বিধায়ক দাঙ্গায় উস্কানি দিচ্ছেন।

