পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, একটি মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছিলেন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের মহিলা বিচারপতি পুষ্প গানেদিওয়ালা। গোপনাঙ্গ স্পর্শ না করা হলে তা ‘দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আইনে পড়বে না, বম্বে হাইকোর্টের রায়ে এমনটাই জানানো হয়েছিল। বুধবার বম্বে হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের ওই রায় চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। এদিন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আদালতে বম্বে হাইকোর্টের ওই রায়কে ‘বিপজ্জনক নজির’ বলে জানিয়েছিলেন। তারপরই পকসো আইন নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এ বিষয়ে মহারাষ্ট্র সরকার এবং সাজাপ্রাপ্তের মতামত জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে।