হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দলে আটকে রাখতে মরিয়া বিজেপি শিবির। লকেট যাতে কোনওভাবেই দল না ছাড়েন, সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে তাঁর বাসভবনে লকেটের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু অন্য কিছু ছিল বলেই দাবি করেছেন লকেট। তিনি এ প্রসঙ্গে বলেন, “আমাকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক করা হয়েছে। সেখানে দু’দিন সফর করে সোমবার সকালেই আমি দিল্লি ফিরেছি। নাড্ডাজি ডেকে পাঠিয়েছিলেন উত্তরাখণ্ড নিয়ে আলোচনার জন্য। জাতীয় রাজনীতিতে যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে ভালেভাবে পালন করতে পারি, সেই বিষয়েই তিনি এদিন পরামর্শ দিয়েছেন।”

