চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৮জনকে গ্রেফতার করল মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনারেট ৷ পুলিশের দাবি, ধৃতরা সকলেই মাদকাসক্ত ৷ নেশার ঘোরেই চলন্ত ট্রেনে এক তরুণীকে গণধর্ষণ করে তারা৷ সূত্রের খবর, গত শুক্রবার রাতে লখনউ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে গণধর্ষণের ঘটনাটি ঘটে ৷ সেই সময় ট্রেন মহারাষ্ট্রের কল্যাণের উপর দিয়ে যাচ্ছিল৷ রেলপুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই ট্রেনে সওয়ার হয়েছিল আট দুষ্কৃতী ৷ ইগতপুরী স্টেশন থেকে ট্রেনে উঠেছিল তারা৷ পরে চলন্ত ট্রেনেই 20 বছরের এক তরুণীকে গণধর্ষণ করে তারা ৷ এরপর, একাধিক যাত্রীর মোবাইল ফোন-সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় ৷ সব মিলিয়ে যার মূল্য 96 হাজার টাকারও বেশি ৷ ঘটনার তদন্তে নেমে শনিবারই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ পরে আরও চারজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে ছ’জন হল আরশাদ খান, প্রকাশ পারধি, কিশোর সোনাওয়ানে, কাশীনাথ ওরফে কাশ্য তেলাং, আকাশ শেনারে এবং ধনঞ্জয় ভগৎ ওরফে গুড্ডু ৷ বাকি দুই অভিযুক্তের নাম অবশ্য জানা যায়নি৷ ধৃতদের প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা সকলেই পরস্পরের বন্ধু৷ তাদের মধ্যে সাতজন মহারাষ্ট্রের ঘোটির বাসিন্দা৷ বাকি একজনের বাড়ি মুম্বই ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

