মঙ্গলবারই উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার আগের দিন সোমবার বিকেলেই ভয়াবহ অগ্নিকাণ্ড বিজেপি শাসিত রাজস্থানের তেল সংশোধনাগারো। ঘটনাটি ঘটেছে বালটোরার পাচপাদ্রায়। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে পেট্রোকেম-কমপ্লেক্সে। কালো ধোঁয়ায় ঢেকে আকাশ, গোটা এলাকা। ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। তাৎপর্যপূর্ণ বিষয়, দেশে এটিই প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ৭৯,৪৫৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে উঠেছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং বিজেপির রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে। উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টা আগে এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এর নেপথ্যে কোনও রহস্য আছে কি না, সংশয় দেখা দিয়েছে তা নিয়েও। বাতিল করে দেওয়া হয়েছে মোদির উদ্বোধনী অনুষ্ঠান। কেন্দ্রীয় তেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত মেরামতির জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তবে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। লক্ষণীয়, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর সংশোধনাগারটির শিলান্যাস করেছিলেন সোনিয়া গান্ধী। তখন রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের নেতৃত্বে কংগ্রেস সরকার। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল ৩৭,২৩০ কোটি টাকা। বিজেপি ক্ষমতায় আসার পরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নতুন করে শুরু করা হয় প্রকল্পটি। প্রাথমিকভাবে খরচ ধরা হয় ৪৩,১২৯ কোটি টাকা। পরে বেড়েই চলে খরচের বহর।