বিজেপি-তে যোগ দিয়ে আপ সমর্থকদের রোষের মুখে প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং৷ এ দিন হরভজনের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান আপ সমর্থকরা৷ শুধু তাই নয়, প্রাক্তন অফ স্পিনারের বাড়ির দেওয়ালে ‘গদ্দার’-ও লিখে দেন ক্ষুব্ধ সমর্থকরা৷ গতকালই রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির সাত জন রাজ্যসভার সাংসদ বিজেপি-তে যোগ দেওয়ার কথা জানিয়েছেন৷ যে ৭ জন আপ সাংসদ বিজেপি-তে যোগ দিচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম হরভজন সিং৷ হরভজন সিং-এর এই দলবদলের খবর সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছেন পঞ্জাবের আপ সমর্থকরা৷ এ দিন জলন্ধরে প্রাক্তন ক্রিকেটারের বাড়ির বাইরে জড়ো হন ক্ষুব্ধ আপ সমর্থকরা৷ বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়ির বাইরে দেওয়ালে গদ্দার বা বিশ্বাসঘাতক ললিখে দেন তাঁরা৷ আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ দিল্লিতে ক্ষমতা হারালেও এখনও পঞ্জাবে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ ভোটের এক বছর আগে হরভজন সহ দলের সাত সাতজন রাজ্যসভার সাংসদের দল বদলের প্রভাব পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কতটা পড়বে, তা নিয়েও ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ হরভজন সিং ছাড়াও আপ-এর যে সাংসদরা দলবদল করেছেন তাঁদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্ত এবং বিক্রম সাহানি৷ তবে যেহেতু আপ-এর রাজ্যসভার মোট দশজন সাংসদের দুই তৃতীয়াংশই দলবদল করছেন, ফলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনও প্রযোজ্য হবে না৷

