ভোট প্রচারের প্রায় শেষ লগ্নে এসে সারাদিন ধরে চলছে জনসভা আর পদযাত্রা। এর মাঝেই বৃহস্পতিবার ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সমস্যা। সভাস্থলের অদূরেই অন্য একটি পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়। সভা শুরুর কয়েক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে। তা হলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে। তখন পুলিশ তুলতে আসলে, মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্শিয়ালিটি।” তৃণমূল নেত্রী বলেন, “এভাবে মিটিং আমার পক্ষে করা সম্ভব? পারমিশন নিয়ে। এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তারপরে আপনারা দেখুন, কী অ্যাটিটিউড। ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। আমি রাজ্যে ঘুরছিলাম ২০০ আসনের জন্য। অভিষেকও প্রায় ১০০ আসনের জন্য প্রচার করছে। আপনারা যদি এমন আচরণ করেন, তা হলে আমি দুঃখিত। আমাকে আইনি পদক্ষেপ করতে হবে। আমি সেটা করব। তাহলে বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই দেখুন, সামনে চিৎকার করছে, যাতে আমি মিটিংটা করতে না পারি। আমাকে ক্ষমা করবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাল এখানে র‌্যালি করব। আমি এই অসভ্যতামি করতে পারব না। এটা খুব অপমানজনক, হিউমিলেশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। যদি পারেন, ভোটটা আমায় দেবেন। আমার সিম্বল নম্বর ২। কিন্তু এর প্রতিবাদে আপনাদের ভোটটা দিতে হবে। আমাকে মিটিং পর্যন্ত করতে দিচ্ছে না। আমি পারমিশন নিয়েছি তবুও দিল না।”