একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে অভিষেকের কর্মসূচি রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের কোন কোন সমস্যার মুখে পড়তে হচ্ছে তা-ও জানার চেষ্টা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাঁর এই ঝটিকা সফর ঘিরে আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে চা বাগানের সঙ্গে যুক্ত কর্মীরা এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷প্রথমে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন অভিষেক ৷ সেখান থেকে হেলিকপ্টারে করে মাঝেরডাবরি চা বাগানের হেলিপ্যাডে নামবেন । এখানে চা শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মাঝেরডাবরি চা বাগানের ডিভিশনের মাঠেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তৃণমূল নেতার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের আলিপুরদুয়ারের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “আজ মাঝেরডাবরি চা বাগানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মসূচি রয়েছে। চা শ্রমিকদের সমস্যার কথা শুনবেন অভিষেক। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের চা শ্রমিকরা এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ দেবেন। তিনি একে একে বিভিন্ন এলাকা থেকে আসা চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন ৷”এসআইআর প্রক্রিয়ায় আপাতত শুনানি পর্ব চলছে ৷ এই কাজ শেষ হলে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ আর তাই এখন থেকে নির্বাচনের প্রস্ততি শুরু করে দিয়েছেন সমস্ত দলের নেতা-নেত্রীরা ৷ রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি নির্বাচনী প্রস্তুতির একেবারে প্রারম্ভিক পর্ব ৷ সেভাবেই অভিষেকের এই জেলা সফর ৷একদিন আগে চমক দিয়েছেন বাংলার শাসকদলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বারুইপুরের একটি সভায় অভিষেক এসআইআরের খসড়া তালিকায় মৃত বলে চিহ্নিত এমন তিন ভোটারকে হাঁটিয়েছেন ৷ এরপর দিনই উত্তরবঙ্গ সফরে আসছেন অভিষেক ৷ এমনিতে বিজেপি দাবি করে উত্তরবঙ্গে তাদের সাংগঠনিক শক্তি রাজ্যের অন্য প্রান্তের তুলনায় ভালো ৷ গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফলও ভালো হয়েছে ৷ সেদিক থেকে এখানে এসে চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন অভিষেক ৷ তাছাড়া চা বাগান নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বাংলার শাসক শিবির ৷ একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিকদের আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যাওয়ার প্রশ্নে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানিয়েছেন ৷ এবার একদিনের সফরে উত্তরবঙ্গে এসে চা শ্রমিকদের সঙ্গে কথা বলে অভিষেক কী বার্তা দেন সেটাই এখন দেখার ৷