রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন মহলে একাধিক জল্পনা ঘুরপাক খাচ্ছিল। সেই জল্পনায় নতুন মাত্রা দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আদানির গোষ্ঠীর সঙ্গে বৈঠকের দু’দিনের মাথায় এবার লার্সন-টিউব্রোর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসনে শুভেন্দু অধিকারী । শনিবার কলকাতা বিমানবন্দরে লার্সেন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। কলকাতা বিমানবন্দরে প্রায় আধঘণ্টার সাক্ষাতের পর নিজেই এক্স মাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী। এদিন এক্স মাধ্যমে শুভেন্দু লেখেন, ‘রাজ্যে শিল্প বিনিয়োগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন ও সর্বোপরি যুব সমাজের কর্মসংস্থান তৈরির মতো বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়েছে।’ পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও ব্যাপক বিনিয়োগের কার্যকরী পরিবেশ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেল এই বৈঠকটিকে ‘পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণ’-এর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

পর্যবেক্ষকদের মতে, বড় শিল্প সংস্থাগুলির বিনিয়োগ এলে শুধু পরিকাঠামো উন্নয়নই নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে রাজ্যের যুব সমাজের জন্য নতুন চাকরির ক্ষেত্র তৈরি হওয়া বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।