২৭ সেপ্টেম্বর অজেয় সংহতির পুজো প্রস্তুতির জায়গায় হামলা চলে। তারপরেই ক্লাব কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, ‘অভিযুক্ত দুষ্কৃতীদের শনাক্ত করে শাস্তি না হওয়া অবধি অজেয় সংহতি ক্লাবের পুজোর আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।’ পুজোর মুখে এই ঘোষণায় প্রশ্ন জাগছিল, তাহলে এই পুজো কি হবে না? যদিও বুধবারেই ক্লাব কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানাল, পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সরছে তারা।
বুধবার, অজেয় সংহতি ক্লাব জানিয়েছে, ‘প্রশাসনিক আশ্বাসে, ফিরছি শারদোৎসবের আঙিনায়।’ সঙ্গেই লিখেছে, ‘গত ২৮শে সেপ্টেম্বর ২০২৬-এ, আমরা সকলের সামনে এবছরের পূজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছিলাম। গত ২৭শে সেপ্টেম্বর মধ্যরাতে ক্লাব প্রাঙ্গণে যে অনভিপ্রেত ঘটনা ঘটে, সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশ-প্রশাসনের কাছে সোচ্চার হই আমরা। ফলস্বরূপ, স্থানীয় বিধায়কের আশ্বাসের ভিত্তিতে, দোষীদের শাস্তি ও প্রশাসনের পূর্ণ সুরক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আবারও ফিরছি শারদোৎসবের আঙিনায়। আশা করি, সকল দর্শনার্থীদের একটি সুন্দর সুরক্ষিত পূজাঙ্গন উপহার দিতে পারব আমরা।’ উল্লেখ্য, এর আগে, হরিদেবপুর থানাকে লেখা চিঠিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৭শে সেপ্টেম্বর রাত প্রায় পৌণে বারোটা নাগাদ একদল দুষ্কৃতি ক্লাব প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং এলাকায় আতঙ্ক ও অস্থিরতার সৃষ্টি করে। ঘটনায় ওই ক্লাবের তিনজন সদস্য আক্রান্ত হন। এছাড়া তারা আমাদের সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর (DVR) খুলে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। চিঠিতে উল্লিখিত, সমগ্র ঘটনায় পুজোর মুখে ক্ষতি হয়েছে ক্লাবের, সঙ্গেই ভয়-উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে ক্লাবের সদস্যসের মধ্যে। চিঠিতে উল্লিখিত, ‘এ ধরনের কার্যকলাপ দুর্গাপূজা উদযাপনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। আশঙ্কা করা হচ্ছে যে, ভবিষ্যতে আরও ভাঙচুর, হুমকি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে, যা কাজ এবং জননিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’
তিনটি আর্জিও জানিয়েছিল-
১. ক্লাব প্রাঙ্গণ ও দুর্গাপূজার প্যান্ডেল এলাকায় প্রয়োজনীয় পুলিশি সুরক্ষা ও টহল ব্যবস্থা করা।
২. প্রস্তুতিমূলক কাজে নিয়োজিত শিল্পী, কারিগর, শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. গত ২৭শে সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা।
তারপরেই। বুধবার নিজেদের পরিবর্তিত সিদ্ধান্ত জানাল তারা।

