বর্ষবরণের আনন্দ যে এভাবে ছারখার হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবেনি কেউ ৷ নববর্ষের রাতে উৎসবে মেতেছিল সুইৎজারল্যান্ডের বিখ্যাত রিসর্ট শহর ক্রান্স-মনটানা ৷ পুলিশ সূত্রে খবর, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয় ৷ মুহূর্তের মধ্যে একটি বারে আগুন লেগে যায় ৷ শীতের রাতে এই ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪০জনের ৷ আহতের সংখ্যা প্রায় ১১৫৷ তাঁদের মধ্যে অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক ৷ রিসর্ট টাউনের ওই বার-রেস্তোরাঁয় বিদেশিরাও ছিলেন ৷ তখন সবে নতুন বছরের সূচনা হয়েছে ৷ সেই আনন্দে সবাই বুঁদ ৷ পার্টি চলছে জোরকদমে ৷ তার মধ্যে আচমকা এই দুর্ঘটনা ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হেলিকপ্টার ও অ্যাম্বুল্যান্স ৷ ওয়েবসাইটে ক্রান্স-মনটানা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই বারটিতে একসঙ্গে ৩০০ জন লোক থাকতে পারেন ৷ ছাদে জমায়েত করতে পারেন আরও ৪০ জন ৷ তবে দুর্ঘটনার সময় সেখানে কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয় ৷ দু’জন মহিলা ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে জানান, বারের এক কর্মী এক মহিলা কর্মীকে কাঁধে নিয়ে বারে প্রবেশ করেন ৷ ওই মহিলার হাতে একটি জ্বলন্ত মোমবাতি ছিল ৷ ওই মোমবাতি থেকে বারের কাঠের সিলিংয়ে আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন ৷ কিছুক্ষণের মধ্যে কাঠের সিলিং ভেঙে পড়ে ৷ চারদিকে ছড়িয়ে পড়ে আগুন ৷ ওই বারের বেসমেন্টে একটি নাইটক্লাব রয়েছে বলে জানা গিয়েছে ৷ আগুন লাগার পর উপস্থিত সকলে প্রাণ বাঁচাতে দৌড়োদৌড়ি শুরু করে দেন ৷ নাইটক্লাবের সরু একটি সিঁড়ি-পথ বেয়ে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকে ৷
সুইৎজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বর্ষবরণের রাতে পুড়ে মৃত ৪০, আহত ১১৫
Byবঙ্গনিউজ
Jan 1, 2026
