তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে এক ঝলক দেখার জন্য মঙ্গলবার লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং ‘দ্য শার্ড’-এর বাইরে কয়েক হাজার ভক্ত জড়ো হয়েছিলেন ৷ এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে মেট্রোপলিটন পুলিশ হস্তক্ষেপ করে ৷ শেষ পর্যন্ত বিজয় থলপতির অনুষ্ঠান বাতিল করে মেট্রোপলিটন পুলিশ। বিজয়ের এই অনুষ্ঠান বাতিলের ঘটনায় তাঁর বহু অনুরাগী ও ভক্তরা চরম হতাশা প্রকাশ করেছেন ৷ দাবি, এদের মধ্যে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন বিজয়কে এক ঝলক দেখার জন্য ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দলের এক সদস্য লাউডস্পিকারে ঘোষণা করেন, “জননিরাপত্তার স্বার্থে আমরা এই অনুষ্ঠান বাতিল করছি ৷ নিরাপত্তার কারণে আমাদের কাছে এই অনুষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হয়নি।” অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের হোটেলের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা এক তরুণ অনুরাগী বলেন, “আমার মনে হয় এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত ৷ তবে বহু মানুষ অপেক্ষা করছিলেন। তামিলনাড়ুতে আমরা সাধারণত যে ধরনের ভিড় দেখি, এটি তার তুলনায় কিছুই নয়।” তামিলনাড়ুতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিজয় ব্রিটেন সফরে যাওয়া একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছিল, এই সফরের সময় প্রতিনিধি দলটি প্রায় 12,300 কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত একাধিক সমঝোতা (মউ) স্বাক্ষর করেছে ৷ তামিলনাড়ুকে এশিয়ার অন্যতম প্রধান উন্নত উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত এই বিনিয়োগ উদ্যোগের ফলে রাজ্যজুড়ে 9,400-এরও বেশি উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বুধবার বিজয় তাঁর লন্ডন সফর শেষ করে ভারতে ফিরবেন। অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপির সভাপতি নাইনার নাগেন্দ্রন মুখ্যমন্ত্রী বিজয়ের সাম্প্রতিক লন্ডন সফরকে নিছক ‘মজা করার সফর’ বলে তীব্র কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, তামিলনাড়ুর জন্য নতুন শিল্প বিনিয়োগ নিশ্চিত করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। চেন্নাইয়ে বিজেপির এই প্রবীণ নেতা রাজ্য সরকারের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ করেন। তিনি জানান, বিদেশ সফরের ফলে নতুন বিদেশি বিনিয়োগ এসেছে বলে দাবি করা হলেও, আসলে বিদ্যমান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেই নতুন বিনিয়োগ হিসেবে তুলে ধরা হচ্ছে।

