মহারাষ্ট্রের জ্যোতিষী অশোক খারাতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মহারাষ্ট্র সরকার ৷ ক্যাপটেন নামেই বিশেষ পরিচিত সে ৷ পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সি এক মহিলা জ্যোতিষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন ৷ সরকারওয়াড়া থানায় অশোক খারাতের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তড়িঘড়ি জ্যোতিষীকে গ্রেফতার করে পুলিশ ৷ এবার তদন্ত চলাকালীন পুলিশের হাতে যে সব তথ্য এসেছে, তাতে আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে অভিযুক্ত জ্যোতিষীর অনেকটাই মিল পাওয়া গিয়েছে ৷ জেফ্রি এপস্টিন একটি দ্বীপে নাবালিকা থেকে প্রাপ্তবয়স্ক- সব মেয়েদের নিয়ে গিয়ে আটকে রেখে যৌন নির্যাতন করত এবং সেসব ভিডিয়োয় রেকর্ড করে রাখত ৷ তেমনটাই করেছে নাসিকের অশোক ৷ তার সংগ্রহ থেকে এরকম 58টি ভিডিয়ো পাওয়া গিয়েছে ৷ সে মহিলাদের সঙ্গে দুষ্কর্মে ভিডিয়ো রেকর্ড করে সংগ্রহে রেখে দিয়েছিল ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানান, সমাজের উচ্চশ্রেণির বহু মহিলারা ভিডিয়োগুলির সঙ্গে জড়িত ৷ এই ভিডিয়োগুলির পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ আশঙ্কা, এই তদন্তে এমন অনেক কিছুই সামনে আসবে, যা সাধারণ মানুষ কখনও ভাবতে পারেনি ৷ এর আগে কুসংস্কার বিরোধী সংগঠন ‘অন্ধ শ্রদ্ধা নির্মোলন সমিতি’ (এএনআইএসএ) পুলিশকে এই জ্যোতিষীর বিরুদ্ধে তদন্তের জন্য বারবার অনুরোধ জানিয়েছিল ৷ এই সংগঠনের এক সদস্য কৃষ্ণা চাঙ্গুরা ইটিভি ভারতকে বলেন, “এই ভণ্ড বাবার বিরুদ্ধে অনেকেই আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন ৷ দীর্ঘদিন ধরে সে মহিলাদের নানাভাবে শোষণ-নিপীড়ন করে আসছে ৷ কিন্তু অশোক খারাতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর সাহস তাঁদের কারও ছিল না ৷” এএনআইএসএ-এর সদস্যরা জানান, খারাতের কুকর্ম ফাঁস করে দেওয়ার চেষ্টাও করেছে এই সংগঠন ৷ একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে ভণ্ডামি করেছে এই জ্যোতিষী ৷ সদস্যদের কথায়, “এখন মানুষ তার (অশোক খারাত) আসল চেহারা দেখতে পাচ্ছে ৷ আশা করি, এবার আর মানুষ এই ভণ্ড বাবাকে বিশ্বাস করবে না ৷” খারাতের ‘শিবনিকা ট্রাস্ট’ নামে নিজস্ব একটি ওয়েবসাইট আছে ৷ সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অশোক খারাত মার্চেন্ট নেভির অবসরপ্রাপ্ত আধিকারিক ৷ 22 বছর ধরে নেভিতে কাজ করেছে সে ৷ অবসর নেওয়ার পর সে এই ভাগ্যগণনাকে পেশা হিসাবে বেছে নেয় ৷ বিখ্যাত রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ওঠাবসা ছিল ৷ অনেকেই ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে নিজের ভাগ্য পরীক্ষা করিয়েছেন ৷

