করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় রাজ্যে আর বড় জনসভা করবে না বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে হবে বলে জানানো হয়েছে দলের তরফে। বিবৃতি জারি করে দলের তরফে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা যে জনসভাগুলি করবেন, সেগুলিতে সর্বোচ্চ ৫০০ জনের বেশি মানুষের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা জায়গায় সমস্ত করোনা বিধি মেনে এই সভাগুলি আয়োজন করা হবে। ‘ বিবৃতিতে আরও জানানো হয়েছে, দলের সভাপতি জে পি নাড্ডার নির্দেশ মেনে প্রতিটি রাজ্যেই করোনা হেল্প ডেস্ক এবং করোনা হেল্পলাইন নম্বর চালু করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৬ কোটি মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হবে। পশ্চিমবঙ্গে এখনও তিন দফার নির্বাচন বাকি। রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিএমই প্রথম ঘোষণা করে, রাজ্যে আর বড় জনসভা করবে না তারা।