৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল থেকেই টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোদিকে শুভেচ্ছা জানানোর ধুম পড়ে যায়। এই দিনটিকে ঐতিহাসিক ও আরও স্মরণীয় করে তুলতে দেশে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। এছাড়াও ২০ দিনের মেগা ইভেন্ট ‘সেবা ও সমর্পণ অভিযান’-এর পরিকল্পনা করেছে মোদীর দল বিজেপি। মোদির ২০ বছরের জনসেবাকে উত্সর্গ করে শুক্রবার থেকেই এই অভিযান শুরু হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশবাসীর কাছে করোনার শট নেওয়ার আর্জি জানিয়ে বলেন, ‘চলো ভ্যাকসিন সেবা গ্রহণ করি এবং এখনও পর্যন্ত যাঁরা টিকা নেননি তাঁরা টিকা নিন, এটাই হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার।’ শুক্রবার দেশজুড়ে সর্বোচ্চ টিকাকরণের লক্ষ্য নিয়ে শাসক বিজেপি দলের নেতারা করোনা টিকাকরণের প্রচার শুরু করেন এবং রাজ্য সরকারকে এদিন অন্যন্য দিনের চেয়ে দ্বিগুণ টিকাকম করানোর আর্জি জানান। নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে এদিন বিজেপির ২ কোটি টিকাকরণের লক্ষ্য রয়েছে। তার জন্য আট লক্ষ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট ভারতে একদিনে ১.০৩ কোটি টিকাকরণ হয়েছিল, যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। ২০ দিনের মেগা ইভেন্ট, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই ৭ অক্টোবর ২০০১ সালে নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। এদিনকে স্মরণ করে বিজেপির পক্ষ থেকে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের প্রতি প্রধানমন্ত্রীর কর্তব্যকে ধন্যবাদ জানিয়ে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠানো হবে দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে। বিজেপি একটি বিবৃতিতে বলেন, ‘বিনামূল্যে শস্য ও দরিদ্রদের জন্য টিকাকরণ’-এর জন্য ধন্যবাদ জানিয়ে হোর্ডিং দেওয়া হবে, যা এই অভিযানের অংশ।

