বিধানসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ এই তালিকায় পাঁচজন প্রার্থীর নাম রয়েছে ৷ শনিবার রাতে প্রকাশিত হওয়া বিজেপির সেই প্রার্থীদের মধ্যে নাম রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায় এবং বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভাইপোরও ৷ একই সঙ্গে, তিন কেন্দ্রের প্রার্থীও বদল করেছে বিজেপি ৷ বিজেপির কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর দলের পক্ষ থেকে নতুন এই পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । পাশাপাশি তিনটি কেন্দ্রে সংশোধিত প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে । এই তালিকা অনুযায়ী, দমদম উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌরভ শিকদার, এছাড়া তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর উত্তর আসনে, কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনুপম বিশ্বাসকে এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে লড়বেন রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় । এরই সঙ্গে বিজেপি জানিয়েছে, মধ্যমগ্রাম আসন থেকে লড়বেন অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সৌরভ শিকদার হলেন বিজেপির প্রয়াত প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভাইপো । অন্যদিকে, দলের প্রাক্তন রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা ভোটে কামারহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যদিও তৃণমূলের মদন মিত্রের কাছে পরাজিত হয়েছিলেন তিনি । গত তিন বছর ধরে সেভাবে দলীয় কর্মকাণ্ডে দেখাও যায়নি তাঁকে ৷ দলের কাজ থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি ৷ তবে শমীক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণের পর রাজু ফের সক্রিয় হয়ে ওঠেন । এরপর পঞ্চম তালিকা প্রকাশ হতেই দেখা গেল ফের তাঁকে প্রার্থী করেছে দল ৷ এদিকে, দলের কর্মী ও সমর্থকদের লাগাতার বিক্ষোভের মুখে বিজেপি তিনটি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী পরিবর্তন করেছে ৷ কেন্দ্রগুলি হল- বসিরহাট উত্তর, বেহালা পূর্ব এবং বিষ্ণুপুর (তপশিলি জাতি)। বেহালা পূর্ব কেন্দ্রে সুনীল মহারাজের পরিবর্তে শঙ্কর শিকদারকে প্রার্থী করেছে বিজেপি । বসিরহাট উত্তর কেন্দ্রে নারায়ণচন্দ্র মণ্ডলের জায়গায় প্রার্থী করা হয়েছে কৌশিক সিদ্ধার্থকে । আর বিষ্ণুপুর (তপশিলি জাতি) কেন্দ্রে দল মনোনয়ন দিয়েছে অভিজিৎ সর্দারকে । আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীপদের পঞ্চম তালিকা প্রকাশের পরও দু’টি আসনের ঘোষণা এখনও বাকি রয়েছে । রাজ্য বিধানসভার মোট 294টি আসনের মধ্যে বিজেপি এখনও পর্যন্ত 292টি আসনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে । উল্লেখ্য, রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৷ 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ৷ আর ভোট গণনা হবে 4 মে ।